বিজেপি শাসিত বিহারে নিয়োগ প্রক্রিয়া ঘিরে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে চক্ষু চড়কগাছ এক পরীক্ষার্থীর। নিজের ছবির বদলে সেখানে দেখা গেল একটি গোল্ডেন রিট্রিভার কুকুরের ছবি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বিহারের বাসিন্দা রীতেশ কুমার ২০২২ সালে জেলা ও দায়রা আদালতে পিওন পদের নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ চার বছর অপেক্ষার পর অবশেষে পরীক্ষার দিন ঘোষণা হয় এবং ১৫ মার্চ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন তিনি।
কিন্তু অ্যাডমিট কার্ড খুলতেই হতবাক হয়ে যান রীতেশ। সেখানে তাঁর নিজের ছবির জায়গায় গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুরের ছবি দেখা যায়।
রীতেশের দাবি, আবেদন করার সময় তিনি নিজের সঠিক ছবিই আপলোড করেছিলেন। এমনকি প্রমাণ হিসেবে আবেদন সংক্রান্ত নথিপত্রও তাঁর কাছে রয়েছে। কিন্তু পরীক্ষার ঠিক আগে এই অদ্ভুত ভুল ধরা পড়ায় চরম সমস্যায় পড়েছেন তিনি।
ঘটনা জানাজানি হতেই এলাকায় হাসির খোরাক হয়ে উঠেছেন রীতেশ। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন।
রীতেশ ইতিমধ্যেই অ্যাডমিট কার্ডের ছবির ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু পরীক্ষার দিন ঘনিয়ে এলেও এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি।
এখন তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা, ভুল ছবি থাকা অ্যাডমিট কার্ড নিয়ে তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে কি না। কর্তৃপক্ষের কাছে তাঁর আবেদন, দ্রুত এই ভুল সংশোধন করা হোক। না হলে চার বছরের অপেক্ষা ও পরিশ্রম সবটাই বিফলে যেতে পারে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত বিহারের নিয়োগ ব্যবস্থার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
