সন্দেহের বশে বাসন্তীতে ঘুমন্ত স্ত্রীকে খুন, পলাতক স্বামী

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শুধুমাত্র স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানার মাখাল পাড়া এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম দীপিকা শাসমল (৩৫)। স্বামী বাপন শাসমল।বাপনের বিরুদ্ধেই উঠেছে এই গুরুতর অভিযোগ। তাঁদের আদি বাড়ি গোসাবা থানা এলাকায়। কর্মসূত্রে এই দম্পতি কেষ্টপুরের বাসিন্দা ছিলেন। সম্প্রতি বাসন্তীর মাখাল পাড়ায় দীপিকা দেবীর জামাইবাবু, বিবেকানন্দ ঘুঘুর বাড়িতে সপরিবারে ঘুরতে এসেছিলেন।অভিযোগ, সেখানেই মঙ্গলবার রাতে দীপিকা দেবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় তাঁর স্বামী। একের পর এক এলোপাথাড়ি কোপ।রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর।চিৎকার চেঁচামেঁচি শুনে ততক্ষণে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্যরা। যদিও ততক্ষণে ঘর ছেড়ে চম্পট দিয়েছে বাপন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীর অন্য কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশেই আক্রোশে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বাপন। তবে এর পিছনে অন্য কোনও পারিবারিক বিবাদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে পলাতক বাপনের খোঁজেও পুরোদমে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *