ছত্তীসগঢ়ের বস্তারে ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ, উদ্ধার বিপুল অস্ত্র ও ১ কেজি সোনা

ছত্তীসগঢ়ের বস্তার জেলায় একসঙ্গে ১০৮ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার জেলা পুলিশ ও প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণের পর তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ১ কেজি সোনা, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী এই ১০৮ জন মাওবাদীর মোট মাথার দাম ছিল প্রায় ৩ কোটি ৬১ লক্ষ টাকা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা ও নিরাপত্তাবাহিনীর উপর হামলার অভিযোগ ছিল।

উল্লেখযোগ্য বিষয় হল, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ৬ জন ডিভিশনাল কমিটির সদস্যও রয়েছেন। তাঁদের প্রত্যেকের মাথার দাম ছিল প্রায় ৮ লক্ষ টাকা। এই মাওবাদীরা মূলত দণ্ডকারণ্য স্পেশ্যাল জোনাল কমিটির সদস্য এবং জগদলপুর ও আশপাশের এলাকায় সক্রিয় ছিলেন।

পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণের সময় তাঁদের কাছ থেকে মোট ১০১টি অস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে একে-৪৭, ইনসাস রাইফেল, এসএলআর, লাইট মেশিনগান এবং ব্যারেল গ্রেনেড লঞ্চার-এর মতো আধুনিক অস্ত্র।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছিলেন যে ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী কার্যকলাপ নির্মূল করা হবে। সেই সময়সীমা যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তাবাহিনীর অভিযানে সাফল্য মিলছে বলে দাবি প্রশাসনের।

গত কয়েক মাসে ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রে যৌথ অভিযানে কয়েকশো মাওবাদী আত্মসমর্পণ করেছেন এবং সংঘর্ষে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে। বুধবার বস্তারে ১০৮ জনের আত্মসমর্পণকে এই অভিযানের একটি বড় সাফল্য হিসেবেই দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *