পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়তে চলেছে বিমান যাত্রীদের পকেটে। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ডোমেস্টিক ও আন্তর্জাতিক উড়ানের টিকিটে ফুয়েল সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ থেকে ধাপে ধাপে এই সারচার্জ চালু করা হবে। বিমান সংস্থাগুলির মোট পরিচালন ব্যয়ের বড় অংশই জ্বালানিতে খরচ হয়। বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিমানের টিকিটের দামও বাড়তে পারে।
ডোমেস্টিক ফ্লাইটে বাড়তি খরচ
এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে, ১২ মার্চ থেকে বুক করা প্রতিটি ডোমেস্টিক উড়ানের টিকিটে অতিরিক্ত ৩৯৯ টাকা ফুয়েল সারচার্জ দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দেশগুলিতে চলাচলকারী ফ্লাইটগুলিতেও।
আন্তর্জাতিক ফ্লাইটে ভিন্ন ভিন্ন সারচার্জ
আন্তর্জাতিক রুট অনুযায়ী জ্বালানি সারচার্জের পরিমাণ আলাদা হবে।
- পশ্চিম এশিয়ার ফ্লাইটে প্রতি টিকিটে প্রায় ১০ ডলার সারচার্জ নেওয়া হবে
- আফ্রিকার ফ্লাইটে এই চার্জ ৩০ ডলার থেকে বেড়ে ৯০ ডলার পর্যন্ত হতে পারে
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ফ্লাইটে সারচার্জ হবে ২০ থেকে ৬০ ডলার
সিঙ্গাপুর ফ্লাইটেও বাড়তি চার্জ
জানা গেছে, ১২ মার্চ থেকে সিঙ্গাপুরে যাতায়াতকারী ফ্লাইটেও এই বাড়তি সারচার্জ কার্যকর হবে। ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে সংস্থা।
সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার ওপর নজর রেখে ভবিষ্যতে এই সারচার্জ পুনরায় পর্যালোচনা করা হতে পারে।
