তামিলনাড়ুতে মধ্যাহ্নভোজের খাবারে টিকটিকি পাওয়া যাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৪৪ জন ছাত্রছাত্রী। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘटनাটি ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরের একটি কর্পোরেশন মিডল স্কুলে। জানা গেছে, কোয়েম্বাটুর সিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েস্ট জোনের অন্তর্গত ওই স্কুলে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য মধ্যাহ্নভোজ পরিবেশন করা হচ্ছিল। সেই সময় খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পান কয়েকজন পড়ুয়া।এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলজুড়ে। অনেক ছাত্রছাত্রী বমি, পেটব্যথা ও অস্বস্তির অভিযোগ করতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশিরভাগ ছাত্রছাত্রী এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।ঘটনার পরই প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কীভাবে খাবারে টিকটিকি পড়ল এবং রান্নার সময় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে মধ্যাহ্নভোজ প্রকল্পে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে না।তবে রাজ্য প্রশাসনের দাবি, ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মিড-ডে মিলের খাবারে টিকটিকি! অসুস্থ ৪৪ ছাত্রছাত্রী, সরকারের বিরুদ্ধে সরব বিজেপি
