মহারাষ্ট্রের নাসিকের GST দফতরে ঘুষ কাণ্ডে গ্রেফতার হলেন তিনজন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডেপুটি কমিশনার সোমনাথ পেজ (Somnath Page), অ্যাসিস্ট্যান্ট কমিশনার মচ্ছিন্দ্র ডোন্ডে (Machhindra Donde) এবং তাঁদের সহযোগী অমিত জাধব (Amit Jadhav)।
অভিযোগ, একটি সংস্থার বিরুদ্ধে চলা তদন্ত মিটিয়ে দেওয়ার জন্য ওই সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করা হয়েছিল। প্রথম কিস্তি হিসেবে ₹২০ লক্ষ নেওয়ার সময় গত ৬ মার্চ অমিত জাধবকে হাতেনাতে ধরে ফেলে মুম্বই অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)।
এরপরই তদন্তে নেমে বাকি দুই আধিকারিককেও গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে অতিরিক্ত নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ধৃত তিনজনকে আদালতে তোলা হলে ৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
এদিকে গ্রেফতারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কর দফতরে দুর্নীতি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
