মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের অর্থনীতিতে। সোমবার সকালে বড় ধস দেখা গেল শেয়ার বাজারে। এক ধাক্কায় ২১০০ পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্স, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
সোমবার সকালে সেনসেক্স নেমে দাঁড়ায় ৭৬,৭৪১.২৯ পয়েন্টে। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ প্রায় ১৮০০ পয়েন্ট নিম্নমুখী ছিল সূচক। একই সময়ে নিফটি পড়ে যায় ৬৪৭.৬০ পয়েন্ট, সূচক নেমে আসে ২৩,৮০২.৮৫ পয়েন্টে।
সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে ব্যাঙ্কিং, আইটি এবং ধাতু শিল্পের শেয়ারে। বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে অর্থ তুলে নিচ্ছেন।
এর প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রাতেও। সোমবার সকালে লেনদেন শুরুতেই এক মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.৩০ টাকা, যা সর্বকালের সর্বোচ্চ।বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের টাকা তুলে নেওয়ার কারণেই শেয়ার বাজারে ধস নামছে এবং একই সঙ্গে দুর্বল হচ্ছে ভারতীয় রুপি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়তে শুরু করে। ইরান জানিয়েছে, তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে আমেরিকার তরফেও স্পষ্ট করা হয়েছে, ইরানের সঙ্গে আপসের পথে তারা হাঁটবে না। ফলে যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।
