রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিল্লি মেট্রোর এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন,
“আমাদের দেশে বলা হয়, যত শক্তিশালীই কেউ হোক না কেন, শেষ পর্যন্ত অহংকারই তাকে ধ্বংস করে। তৃণমূলের অহংকার ও নোংরা রাজনীতি খুব শীঘ্রই বাংলার মানুষ ভেঙে দেবে।”
তিনি আরও বলেন,
“একজন মহিলা, একজন আদিবাসী এবং দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। বাংলার সচেতন মানুষ তৃণমূলকে কখনও ক্ষমা করবে না।”
সাঁওতাল সম্মেলন ঘিরে বিতর্ক
গত ৭ মার্চ দার্জিলিংয়ে ৯ম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি অভিযোগ করেন, আয়োজকদের জন্য ছোট জায়গা দেওয়া হয়েছিল এবং অনুষ্ঠানের স্থানও হঠাৎ পরিবর্তন করা হয়।
মোদির কটাক্ষ
এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বতন টুইটার)-এও তৃণমূল সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন,
“এটা লজ্জাজনক এবং নজিরবিহীন ঘটনা। গণতন্ত্র ও আদিবাসী সমাজের ক্ষমতায়নে যারা বিশ্বাস করেন, তারা সবাই এতে ব্যথিত।”
মোদির অভিযোগ,
“পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সব সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতিকে অপমান করার জন্য রাজ্যের প্রশাসনই দায়ী।”
তৃণমূলের পাল্টা আক্রমণ
অন্যদিকে তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির পদকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী এই ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে শাসকদল।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
