রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। এদিন হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে থালা বাজিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূলের নেত্রী ও কর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল সাংসদ মালা রায়, মন্ত্রী শশী পাঁজা সহ দলের একাধিক মহিলা কাউন্সিলর।
শশী পাঁজার তোপ
বিক্ষোভ কর্মসূচিতে শশী পাঁজা বলেন,
“এই বাসনটা খালি কেন? এই বাসনে তো রান্না থাকার কথা। কিন্তু রান্না করব কী করে, গ্যাসের দাম এখন কত! মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দেন, কিন্তু গ্যাস কিনবেন কীভাবে? এই পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।”
তিনি প্রশ্ন তোলেন,
“এত মূল্যবৃদ্ধির মধ্যে মহিলারা আর কত লড়াই লড়বেন?”
একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম
পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের বাজারেও। শনিবার থেকে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
- ঘরোয়া LPG সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা
- কলকাতায় নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা
অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে কলকাতায় এর দাম দাঁড়িয়েছে প্রায় ১,৯৯০ টাকা।
নতুন বুকিং নিয়মেও উদ্বেগ
এর মধ্যেই LPG সিলিন্ডার বুকিং নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক।
রাজ্যের LPG ডিস্ট্রিবিউটরদের দাবি, একটি সিলিন্ডার ডেলিভারির পর ২৫ দিনের আগে নতুন বুকিং করা যাবে না।
চাপে মধ্যবিত্ত পরিবার
গ্যাসের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
অজয়নগরের বাসিন্দা পিয়ালি বিশ্বাস জানান,
“আমাদের ৮ জনের সংসারে ১৫-২০ দিনেই একটি সিলিন্ডার শেষ হয়ে যায়। এখন দাম বাড়ায় খুব সমস্যায় পড়তে হবে।”
নিউটাউনের বাসিন্দা রঞ্জিনী বন্দ্যোপাধ্যায় বলেন,
“দৈনন্দিন খাবারের খরচ কমানো সম্ভব নয়। তাই অন্য জায়গায় খরচ কমাতে হবে।”
দমদমের বাসিন্দা ইন্দ্রাণী চট্টোপাধ্যায়-এর কথায়,
“সাধারণ মানুষকে সারাদিন রান্নার গ্যাসের উপর নির্ভর করতে হয়। দাম বাড়া আমাদের জন্য বড় চাপ।”
