টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে বড় ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় হতে পারেন।
ক্লার্কের মতে, গোটা টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ভাবে দুর্দান্ত বোলিং করেছেন বুমরাহ। বিশেষ করে চাপের মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাই তাঁকে আলাদা করে দেয়। সেই কারণেই ফাইনালের মতো বড় ম্যাচেও বুমরাহই ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন বলে মনে করছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন ভারতীয় এই পেসার। ম্যাচের শেষ দিকে ১৬তম এবং ১৮তম ওভারে খুব কম রান দিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলেন তিনি। ওই সময় বুমরাহ রান আটকাতে না পারলে ভারতের জয় কঠিন হয়ে যেতে পারত বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।
একটি ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, চাপের মধ্যে নিজের সেরা বোলিংটা বের করে আনার ক্ষমতাই বুমরাহকে বিশ্বের অন্যতম সেরা বোলার করে তুলেছে। তাঁর কথায়, শুধু বৈচিত্র থাকলেই হয় না, সেই বৈচিত্র সঠিক সময়ে ব্যবহার করতে পারাটাই আসল দক্ষতা। আর সেই জায়গাতেই বুমরাহ অন্যদের থেকে অনেকটা এগিয়ে।
ক্লার্ক আরও বলেন, বর্তমান ভারতীয় দলে বুমরাহ এমন একজন বোলার যিনি কঠিন পরিস্থিতিতেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। তিনি যেমন রান আটকাতে পারেন, তেমনই গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও তুলে নিতে পারেন।
এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে বুমরাহ ১০টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ১৫.৯০ এবং ইকোনমি রেট ৬.৬২। ডেথ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিং ভারতের সাফল্যের অন্যতম কারণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ক্লার্কের মতে, বুমরাহের হাতে এত রকম বোলিং অস্ত্র রয়েছে যে অধিনায়কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যায় ঠিক কোন সময়ে তাঁকে ব্যবহার করা হবে। সেই কারণেই ভারত সাধারণত ইনিংসের শুরুতে নয়, বরং গুরুত্বপূর্ণ সময়ের জন্য বুমরাহর ওভার তুলে রাখে।
ফাইনালের মতো বড় ম্যাচে আবারও যদি একইভাবে চাপের মুহূর্তে বুমরাহ নিজের সেরাটা দিতে পারেন, তা হলে ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া তাঁর পক্ষেও খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন মাইকেল ক্লার্ক।
