স্ত্রী সঙ্গীতার থেকে আলাদা থাকছেন থলপতি বিজয়? তৃষাকে ঘিরে নতুন জল্পনায় সরগরম নেটদুনিয়া

চেন্নাই: দক্ষিণী সুপারস্টার থলপতি বিজয়ের (Thalapathy Vijay) ব্যক্তিগত জীবন নিয়ে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে একই ছাদের নীচে আর থাকছেন না অভিনেতা। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যের পর নাকি আলাদা বাড়িতে থাকতে শুরু করেছেন তিনি। আর সেই ঘটনার জেরেই ফের সামনে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন।

সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বিজয় ও তৃষাকে। অনুষ্ঠানে গাড়ি থেকে হাতে ফুলের তোড়া নিয়ে নামতে দেখা যায় বিজয়কে, আর তাঁর পিছনেই হাঁটতে দেখা যায় তৃষাকে। সেই ভিডিও এবং ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা।

অনুরাগীদের একাংশের প্রশ্ন, যদি সত্যিই স্ত্রী সঙ্গীতার সঙ্গে আলাদা হয়ে গিয়ে থাকেন বিজয়, তবে কি এই উপস্থিতিই সেই ইঙ্গিত দিচ্ছে? যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি অভিনেতা বা তাঁর পরিবার।

জানা যায়, ১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়েছিল। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেই নানা মহলে আলোচনা চলছে।

এদিকে এই ঘটনার মাঝেই বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশের একটি সমাজমাধ্যম পোস্ট ঘিরেও জল্পনা তৈরি হয়। সেখানে তিনি লিখেছিলেন, “সব ঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।” যদিও কিছু সময়ের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়।

প্রসঙ্গত, বিজয় ও তৃষার জুটি দক্ষিণী চলচ্চিত্রে বহুদিন ধরেই জনপ্রিয়। ২০০৪ সালে ‘গিল্লি’ ছবিতে প্রথম তাঁদের জুটি দর্শকদের নজর কাড়ে। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’ এবং ‘কুরুভি’-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা।

দীর্ঘ ১৪ বছর পর ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিয়ো’ ছবিতে আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেই ছবিতে স্বামী–স্ত্রীর চরিত্রে অভিনয় করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এই সমস্ত খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি বিজয় বা তৃষা—ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *