ধরনা মঞ্চে বিক্ষোভ পার্শ্বশিক্ষকদের, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে SIR (Special Intensive Revision) ইস্যুতে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ধর্নামঞ্চে আচমকাই বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা, যার জেরে কিছুটা উত্তেজনা ছড়ায় এলাকায়।

শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। এই ধর্নার মধ্যেই হঠাৎই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা সেখানে এসে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন,
“এটা বিক্ষোভ দেখানোর জায়গা নয়। কিছু দেখানোর থাকলে মোদীকে গিয়ে দেখান। এখানে রাজনীতি করবেন না।”

তিনি আরও বলেন, “কেউ শান্তভাবে থাকতে পারলে থাকবেন, না হলে থাকবেন না। এটা কারও দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআর ও ভোটাধিকারের দাবি নিয়ে ধর্না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এটা খোলামেলা জায়গা, কিন্তু তার মানে এই নয় যে যা খুশি করা যাবে। কিছু দেখানোর থাকলে নরেন্দ্র মোদী, অমিত শাহ বা নির্বাচন কমিশনের কাছে গিয়ে দেখান।”

পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নির্দেশ দেন বিক্ষোভকারীদের শান্তভাবে অন্যত্র বসিয়ে দেওয়ার জন্য।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের SIR প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ রয়েছে।

ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, ভোটার তালিকায় এমন অনেক মানুষের নাম রয়েছে যাঁদের মৃত বলে দেখানো হয়েছে, অথচ তাঁরা বাস্তবে জীবিত। এমন একজন ব্যক্তিকে তিনি শিগগিরই সামনে আনবেন বলেও জানান।

এই পরিস্থিতিতে ধর্মতলার ধর্না ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *