সাইবার প্রতারণার যুগে সততার নজির, প্রায় ১ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন বিজেপি নেতা

ব্যাঙ্কের ভুলে অ্যাকাউন্টে ঢুকে পড়েছিল প্রায় এক লক্ষ টাকা। কিন্তু সেই টাকা নিজের কাছে না রেখে ফের ব্যাঙ্ককেই ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন হুগলির খানাকুলের বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য সুব্রত রানা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ভুলবশত সুব্রত রানার অ্যাকাউন্টে ৯৮ হাজার ৪৭৬ টাকা ট্রান্সফার হয়ে যায়। হঠাৎ অ্যাকাউন্টে এত টাকা ঢুকে পড়ায় প্রথমে অবাক হয়ে যান তিনি। কে এই টাকা পাঠাল, তা বুঝে উঠতে না পেরে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।

এর মধ্যেই ব্যাঙ্কের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই জানা যায়, ভুলবশত এই টাকা তাঁর অ্যাকাউন্টে চলে এসেছে। তবে তার আগেই সুব্রত সিদ্ধান্ত নিয়েছিলেন, এই টাকা তিনি ব্যাঙ্কে গিয়ে ফিরিয়ে দেবেন।

মাঝে শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় সোমবার ব্যাঙ্ক খোলার পরই তিনি রামনগরের সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে চেকের মাধ্যমে পুরো টাকাটাই ব্যাঙ্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এই প্রসঙ্গে সুব্রত রানা বলেন, “যে টাকা আমার নয়, সেই টাকার উপর আমার কোনও লোভ নেই। আমি পরিশ্রম করে উপার্জনে বিশ্বাসী। এই টাকা না পেলে ব্যাঙ্ককর্মীরা সমস্যায় পড়তে পারতেন, তাই ফিরিয়ে দেওয়াই ঠিক মনে করেছি।”

বর্তমানে যখন সাইবার প্রতারণা ও আর্থিক জালিয়াতির ঘটনা বাড়ছে, সেই সময় সুব্রত রানার এই কাজকে অনেকেই সততা ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “আমাদের বিজেপি কর্মীরাই এমন সততার উদাহরণ গড়তে পারেন। সুব্রত রানাকে ধন্যবাদ জানাচ্ছি।”

অন্যদিকে তৃণমূলের এক নেতা বলেন, “মানুষ হিসেবে তিনি খুবই ভালো কাজ করেছেন। এখানে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ নয়, তিনি একজন মানবিক মানুষ হিসেবেই নিজের পরিচয় দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *