উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : বিধানসভার নির্বাচন দোরগোড়ায়, আর তার আগেই রাজনৈতিক সংঘর্ষ শুরু কুলতলিতে। এবার তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত কুলতলি বিধানসভার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনন্ত সাঁপুই। কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জানান, ঘটিহারানিয়া বাজারের দোকানে যাওয়ার পথে তার উপরে হামলা চালায় বিজেপি মদতপুষ্ট একদল দুষ্কৃতী। এলোপাথাড়ি কোপ মারা হয় তার শরীরে। শরীরের একাধিক অংশে ধারাল অস্ত্রের কোপ লাগে অনন্তের। স্থানীয় মানুষ তার চিৎকারে প্রথমে তাকে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতাল ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর। তিনি বলেন, মঙ্গলবার দোল উৎসব যাওয়ার পর বুধবার ছিল ঝুলন উৎসব। সেখানে রং খেলার সময় ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের গায়ে রং লাগে। তাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেখান থেকেই সংঘর্ষ। তবে এর সাথে বিজেপি কর্মী কোনওভাবেই যুক্ত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।
তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের উপর হামলা, অভিযোগ বিজেপির দিকে
