বীরভূমের দুবরাজপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার প্রচার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।
বিজেপির দুবরাজপুর শহর মণ্ডলের সভাপতি দেবজ্যোতি সিংয়ের অভিযোগ, আগামী ৬ তারিখ পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে টোটো করে প্রচারে নেমেছিলেন তাঁরা। শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার চলছিল। সেই সময় সিনেমা হলের রাস্তায় যাওয়ার পথে দুটি গাড়ি এসে টোটোর পথ আটকায় বলে অভিযোগ।
দেবজ্যোতির দাবি, টোটোর চালককে মারধর করা হয় এবং গাড়িতে লাগানো ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এমনকি আবার এই পথে দেখা গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, তৃণমূলের এক নেতার গাড়ি থেকেই এই হামলা চালানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দলীয় নেতা-কর্মীরা। বিধায়কের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।
বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
অন্যদিকে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনার পরিবেশ দুবরাজপুরে নেই। তাঁর মতে, প্রচার গাড়ি থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখা দরকার।
