ওমান উপসাগরে ইরানের হামলা, নিহত দুই ভারতীয় নাবিক

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ওমান উপসাগরে ভয়াবহ হামলার ঘটনায় নিহত হলেন দুই ভারতীয় নাবিক। জানা গিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তৈলবাহী জাহাজ ‘স্কাইলাইট’-এ প্রাণ হারিয়েছেন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশিস কুমার এবং রাজস্থানের বাসিন্দা জাহাজের ক্রু সদস্য দলীপ সিং।

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ওমান উপকূলে এই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দুই ভারতীয়র মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

হামলার পর থেকেই আশিস কুমার এবং দলীপ সিং নিখোঁজ ছিলেন। পরে উদ্ধারকারী দল জাহাজ থেকে দুটি পোড়া কঙ্কাল উদ্ধার করে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সেই দেহাবশেষই দুই ভারতীয় নাবিকের বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, দলীপ সিং চলতি বছরের ২২ জানুয়ারি ওই জাহাজে কাজে যোগ দিয়েছিলেন। বুধবার রাতে একটি ইমেলের মাধ্যমে আশিস ও দলীপের পরিবারের কাছে এই মর্মান্তিক খবর পৌঁছয়।

জানা গিয়েছে, হামলার শিকার জাহাজটিতে মোট ২০ জন কর্মী ছিলেন, যার মধ্যে ১৫ জনই ভারতীয়। উল্লেখ্য, গত বছরই এই জাহাজটির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা।

সম্প্রতি ইরান হুঁশিয়ারি দিয়েছিল, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী যে কোনও জাহাজকে তারা ধ্বংস করে দিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি পথ হওয়ায় এই প্রণালী ঘিরে আন্তর্জাতিক মহলের নজর এখন তীব্র।

ইরানের রিভোলিউশনারি গার্ডের পক্ষ থেকেও জানানো হয়েছে, কেউ যদি এই পথ ব্যবহার করার চেষ্টা করে, তবে তাদের জাহাজ ধ্বংস করা হতে পারে।

এই ঘটনার পর জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিককে ওমান উপকূলরক্ষী বাহিনী বিভিন্ন জাহাজ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে।

এই ঘটনার পর দিল্লি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চলছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার এই সংঘাতময় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতের বিদেশমন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *