বীরভূমে হুঙ্কার অনুব্রতের— ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে আটকাতে পারবে না

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের রাজনৈতিক ময়দানে ছন্দে অনুব্রত মণ্ডল। রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই কেন্দ্রীয় বাহিনী ও বিজেপিকে একযোগে নিশানা করেন তৃণমূল নেতা।

‘নজরবন্দি করে কিছু হয়নি, এবারও হবে না’

সভা থেকে অনুব্রত স্পষ্ট বার্তা দেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাঁকে কোনও ভাবেই আটকানো যাবে না। তাঁর দাবি, আগের নির্বাচনে তাঁকে নজরবন্দি করার চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

তিনি বলেন,

“কেন্দ্রীয় বাহিনী ঘরে ঘরে দিয়ে দিক। প্রত্যেক বার তো আমাকে নজরবন্দি করে। পেরেছে কি? এ বারেও পারবে না। আমার যা কাজ আমি তাই করব। সুস্থ ভাবে যাতে ভোট হয়, সেদিকে নজর রাখব।”

SIR ইস্যুতে বিজেপিকে তোপ

SIR প্রসঙ্গেও বিজেপির বিরুদ্ধে সরব হন অনুব্রত। তাঁর দাবি, অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন,

“মমতা বন্দ্যোপাধ্যায় SIR-এর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। ওরা ভেবেছিল ২ কোটি মুসলমানের নাম বাদ দেবে। কী দোষ করেছে ওরা?”

আরও অভিযোগ করে তিনি জানান, তাঁর ওয়ার্ড থেকেও বহু মানুষের নাম সরানোর চেষ্টা হয়েছে। এমনকি মৃত ব্যক্তিদের নামও বাদ তালিকায় রয়েছে বলে দাবি করেন তিনি।

“চাইলেই কারও নাম বাদ দেওয়া যাবে না। তৃণমূল কর্মীরা সজাগ রয়েছেন,” বলেন অনুব্রত।

‘পরিবর্তন যাত্রা’ নিয়ে কটাক্ষ

বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ নিয়েও তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা। তাঁর কথায়,

“পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।”

হাসন কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত দাবি করেন,
৪০ থেকে ৪৫ হাজার ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস।
একপ্রকার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যের বিরোধী দলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *