লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম, চাপে বাজারনিজস্ব সংবাদদাতা:জানুয়ারিতে টানা ঊর্ধ্বগতির পর ফেব্রুয়ারিতে কিছুটা স্বস্তি মিলেছিল। তবে মাসের শেষ দিকে ফের চড়তে শুরু করল সোনা ও রুপোর দাম। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়তেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে। তার জেরেই কলকাতার বাজারেও দামের উল্লম্ফন।
ব্যবসায়ী মহলের মতে, ভূ-রাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়তে পারে। ইউরোপ ও আমেরিকার বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাবও পড়ছে দেশীয় বাজারে। ফলে রপ্তানি বাণিজ্যেও চাপ তৈরি হচ্ছে।
শনিবার কলকাতায় খুচরো বাজারে জিএসটি-সহ ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ১,৭৪,৭৩৯ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট ১০ গ্রাম) বিকোচ্ছে প্রায় ১,৬৬,০৮৭ টাকায়। অন্যদিকে, খুচরো রুপোর কেজি প্রতি দাম পৌঁছেছে ২,১১,৭০০ টাকায়।
গত ২৯ জানুয়ারি সোনার দাম ছিল প্রায় ১,৭৮,৪৫০ টাকা, যা ছিল সর্বোচ্চ স্তর। রুপোর দামও একসময় ছুঁয়েছিল ৩,৮৫,৮০০ টাকা। পরে কিছুটা কমলেও সাম্প্রতিক পরিস্থিতিতে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
স্বর্ণশিল্প বাঁচাও কমিটির এক কর্তা জানান, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবেই স্থানীয় বাজারে দামের পরিবর্তন হচ্ছে। দিনের মধ্যেও একাধিকবার দাম সংশোধন করতে হচ্ছে ব্যবসায়ীদের।
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে সোনা-রুপোর দামে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে।
