দক্ষিণবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ২০টি নতুন সিএনজি বাস চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই বাসগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক কেন্দ্রীয় সরকারকে ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “হাজার টাকা ভাড়া দিয়ে গরিব মানুষ ট্রেনে চড়তে পারেন না। বন্দে ভারত ট্রেনেও সাধারণ মানুষের পক্ষে যাতায়াত করা কঠিন। তাই মানুষ এখন সরকারি বাসের উপরেই ভরসা রাখছেন।”
কোন কোন রুটে চলবে বাস?
পরিবহণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১০টি গুরুত্বপূর্ণ রুটে এই ২০টি বাস চলাচল করবে। রুটগুলি হল—
- ঝাড়গ্রাম–কলকাতা (৪টি বাস)
- পটাশপুর–করুণাময়ী (১টি)
- আসানসোল–ঝিলিমিলি (১টি)
- বর্ধমান–ঝাড়গ্রাম (১টি)
- বর্ধমান–বাঁকুড়া (১টি)
- বর্ধমান–আসানসোল (১টি)
- বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল (৪টি)
- বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া (১টি)
- বেলঘরিয়া–দীঘা (৫টি)
- বেলঘরিয়া–টাকি (১টি)
মন্ত্রী মলয় ঘটক বলেন, “সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে নতুন বাস পরিষেবা চালু করছে। জনদরদী সরকার সবসময় মানুষের কথা ভাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক, একাধিক বিধায়ক, প্রশাসনিক আধিকারিক ও পরিবহণ সংস্থার কর্তারা।
নতুন সিএনজি বাস চালুর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পরিবহণ পরিষেবা আরও উন্নত হবে বলে মনে করছে প্রশাসন।
