অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশ্মিকা মন্দান্নার বিয়েকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ। ২৬ ফেব্রুয়ারি ২০২৬, উদয়পুরের ITC Momentos-এ বসছে তারকাজুটির বিয়ের আসর। এই বিশেষ উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বিজয়ের বাবা-মা মাধবী ও গোবর্ধন রাওয়ের উদ্দেশে পাঠানো বার্তায় লেখেন,
“২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজয় ও রাশ্মিকার বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আনন্দিত। এই শুভ ও আনন্দঘন উপলক্ষে দেবরাকোন্ডা ও মন্দান্না পরিবারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”
মোদি তাঁর বার্তায় বিয়েকে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেন। তিনি লেখেন,
“এটি বিজয় ও রাশ্মিকার জীবনের এক সুন্দর নতুন অধ্যায়ের শুরু। ‘সখা সপ্তপদা ভাব’—অর্থাৎ সাত পা একসঙ্গে চলার মাধ্যমে আজীবনের বন্ধু হয়ে ওঠার যে মন্ত্র, তা তাঁদের জীবনে গভীর অর্থ বহন করুক।”
দুই তারকার পেশাগত সাফল্যের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়,
“বিজয় ও রাশ্মিকা দু’জনেই সিনেমার স্ক্রিপ্টে নতুন নন। তবে তাঁদের বাস্তব জীবনের এই ঈশ্বরলিখিত অধ্যায়, যা ভালোবাসা ও স্নেহে ভরপুর, রূপোলি পর্দার জাদুকেও ছাপিয়ে যাবে।”
২৪ ফেব্রুয়ারি সঙ্গীত অনুষ্ঠান দিয়ে শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে হলদি ও মেহেন্দি। দুই পরিবারের সংস্কৃতি ও ঐতিহ্য মেনে দু’টি পৃথক আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে বিয়ে।
শেষে প্রধানমন্ত্রী নবদম্পতির উদ্দেশে আশীর্বাদ জানিয়ে বলেন,
“আগামী দিনগুলো হোক স্বপ্ন ও তার পূরণে ভরা। পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ ও শ্রদ্ধার মাধ্যমে জীবনের পথ চলুক। আমার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।”
তারকাজুটির এই বিয়েকে ঘিরে বিনোদন জগতে এখন উৎসবের আবহ, আর প্রধানমন্ত্রী নিজে শুভেচ্ছা জানানোয় মুহূর্তটি হয়ে উঠেছে আরও বিশেষ।
