উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : বিধানসভার নির্বাচনের আগে সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন দলত্যাগী বাম যুবনেতা প্রতীক উর রহমান।এ দিন আমতলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা তুলে নিলেন তিনি।গত রবিবার সিপিআই এমের রাজ্য কমিটি, জেলা কমিটি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছিলেন প্রতীক উর রহমান। সেই চিঠি সংবাদ মাধ্যমের সামনে চলে আসায় বিতর্ক শুরু হয়েছিল। গত চার দিন ধরে নানা জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।এমনকী সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠকেও উপস্থিত ছিলেন না প্রতীক। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে বলে শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন সিপিআই এমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার নতুন কোনও দলে যোগদান করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রতীক উর রহমানও।২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন প্রতীক। ফলাফল অনুযায়ী এই কেন্দ্র থেকে তৃতীয় স্থানে ছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে দু’টি বছর।সিপিআইএম দলে এর পর থেকে কোণঠাসা হতে হয়েছে বলে দাবি করেন প্রতীক।এমনকি সম্প্রতি সিপি আইএমের রাজ্যব্যাপী কর্মসূচি ‘বাংলা বাঁচাও যাত্রা’তেও দেখা যায়নি প্রতীক কে। চলতি সপ্তাহে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতীক জানিয়েছিলেন, দল তাঁকে সাইডলাইন করারপাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করা শুরুকরেছিল। সেই কারণেই সিপিএম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।এ দিন তৃণমূলে যোগদানের পরে প্রতীক উর রহমান বলেন,আমার মনে হয়েছে, এই সময়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, আর বিজেপিকে আটকানোর জন্যে যে ভাবে গোটা দেশে মানুষের কণ্ঠরোধ হয়েছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সবথেকে বড় শক্তি হলো তৃণমূল কংগ্রেস।আর সেই কারণেই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসেছি।আমি নির্বাচনে দাঁড়াবো বলে আসে নি।তবে সদ্য তৃনমূল দলে এসে সে কতখানি গুরুত্ব পায় এখন সে দিকে নজর আম জনতার।
সব জল্পনার অবসান, তৃনমূলে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান
