দিল্লিতে রेखা গুপ্তার নেতৃত্বাধীন বিজেপি সরকারের এক বছর পূর্ণ হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী সরকারের এক বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই আম আদমি পার্টি (আপ) নিজেদের তরফে আলাদা রিপোর্ট কার্ড প্রকাশ করে সরকারকে ‘ব্যর্থ’ বলে আক্রমণ শানায়।
আপের শীর্ষ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, গত এক বছরে উন্নয়নের বদলে মানুষ দেখেছে ‘প্রতিশ্রুতি ভঙ্গ ও প্রতারণা’। তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির মহিলাদের প্রতি মাসে ২,৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এক বছর কেটে গেলেও সেই টাকা কারও অ্যাকাউন্টে পৌঁছায়নি।
সিসোদিয়ার অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণেও সরকার সম্পূর্ণ ব্যর্থ। তাঁর দাবি, আগের আপ সরকার ধুলো নিয়ন্ত্রণ, গাড়ির নিয়ন্ত্রণ ও অড-ইভেনের মতো পদক্ষেপ নিয়েছিল। কিন্তু বর্তমান সরকার কার্যত নিষ্ক্রিয় থেকেছে, ফলে দিল্লির বায়ুদূষণ ভয়াবহ আকার নিয়েছে। এমনকি দূষণের তথ্য নিয়েও কারচুপির অভিযোগ তোলেন তিনি।
শিক্ষা ক্ষেত্রেও কাটছাঁটের অভিযোগ করেছেন সিসোদিয়া। তাঁর দাবি, শিক্ষা বাজেট কমানো হয়েছে এবং ‘হ্যাপিনেস কারিকুলাম’, ‘এন্টারপ্রেনিউরশিপ কারিকুলাম’ ও আইআইটি-নিট কোচিং সহায়তার মতো প্রকল্প বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ আইনকেও তিনি ‘ভুয়ো’ বলে কটাক্ষ করেন।
এছাড়া ঝুপড়ি উচ্ছেদ নিয়েও সরকারকে নিশানা করেন আপ নেতা। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে ‘যেখানে ঝুপড়ি, সেখানে বাড়ি’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন উল্টে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে।
তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি বিরেন্দ্র সচদেবা বলেন, সিসোদিয়া এক বছর কোথায় ছিলেন, সেই প্রশ্নই এখন মানুষের। তিনি পাল্টা অভিযোগ করেন, আপ সরকারের আমলেই একাধিক দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার মানুষের জন্য একাধিক স্বাস্থ্য প্রকল্প ও জনকল্যাণমূলক উদ্যোগ চালু করেছে বলেও দাবি করেন তিনি।
সব মিলিয়ে দিল্লিতে বিজেপি সরকারের এক বছর পূর্তিকে ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।
