রায়পুর পেট্রোল পাম্পে আগুনের চেষ্টা, দুই যুবক গ্রেপ্তার

ছত্তিশগড়ের রায়পুরে পেট্রোল পাম্পে ধূমপানকে কেন্দ্র করে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি তৈরি হয়। তবে তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরের উর্লা এলাকার সঙ্গীতা পেট্রোল পাম্পে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্মেন্দ্র ক্ষত্রি নামে এক যুবক তাঁর বন্ধু ইমরানের সঙ্গে বাইকে করে পেট্রোল ভরতে আসেন। সেই সময় তিনি সিগারেট খাচ্ছিলেন বলে অভিযোগ।

পাম্প কর্মীরা তাঁকে ধূমপান না করতে সতর্ক করেন। অভিযোগ, সতর্কবার্তায় ক্ষুব্ধ হয়ে ধর্মেন্দ্র লাইটার দিয়ে পেট্রোলের নোজলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মোটরসাইকেল ও পাম্পের অংশে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন পাম্পের কর্মীরা। সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো হয়। ফলে জ্বালানি মজুত ট্যাঙ্ক ও আশপাশের অন্যান্য গাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার সিসিটিভি ফুটেজ এবং বাইকের নম্বরের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও জনজীবন বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এই ঘটনায় কোনও বড়সড় হতাহতের খবর নেই। তবে ধর্মেন্দ্র ক্ষত্রি সামান্য দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *