হাওড়ার উলুবেড়িয়ায় আন্তঃরাজ্য পাখি পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। খদ্দের সেজে গিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হল ১৫টি ‘পাহাড়ি চন্দনা’ (অ্যালেক্সান্দ্রিন প্যারাকিট) টিয়া পাখি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনুপ গায়েন নামে এক পাখি ব্যবসায়ীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে খোলা বাজারে দেশীয় প্রজাতির টিয়া, ময়না, শালিক-সহ বিভিন্ন পাখি অবৈধভাবে বিক্রির খবর পাচ্ছিল উলুবেড়িয়া থানার পুলিশ। সেই সূত্র ধরেই বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার একটি বিশেষ দল এবং ‘ওয়াইল্ড লাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উলুবেড়িয়া বাজারপাড়ায় অভিযানে যান।
খদ্দের সেজে অনুপ গায়েনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি পাখি দেখানোর জন্য নিজের বাড়িতে নিয়ে গেলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৫টি পাহাড়ি চন্দনা টিয়া। সঙ্গে সঙ্গেই পাখিগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ঘটনার খবর দেওয়া হয় বন দফতরকে। রাতেই বন দফতরের কর্মীরা এসে পাখিগুলি নিজেদের হেফাজতে নেন। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই পাচার চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
