কোচবিহারের দিনহাটায় বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ওমর ফারুক ব্যাপারি। দীর্ঘ দিন ধরে দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করছিলেন তিনি।
পুলিশ সূত্রে অভিযোগ, এক ভারতীয় প্রৌঢ়কে নিজের ‘বাবা’ বলে দেখিয়ে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক সরকারি নথি তৈরি করেছিলেন ওমর। এনুমারেশন ফর্মও জমা দিয়েছিলেন তিনি। পরে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের তরফে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়। গত বছরের ৪ ডিসেম্বর থানায়ও লিখিত অভিযোগ দায়ের হয়।
স্থানীয় সূত্রের দাবি, প্রায় ১০-১২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওমর। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর বাংলাদেশের আনসার বাহিনীর পোশাক পরা ও বন্দুক হাতে একটি ছবি ঘিরে বিতর্ক শুরু হয়। এর পর থেকেই পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। শেষমেশ মঙ্গলবার রাতে দিনহাটার পুটিমারি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বুধবার আদালতে তোলা হলে ওমর দাবি করেন, তিনি ভারতীয় নাগরিক এবং রাজনৈতিক চক্রান্তের শিকার। তাঁর বক্তব্য, “আমার পরিবার এখানে থাকে। আগে তৃণমূল করতাম, এখন করি না। তাই আমাকে ফাঁসানো হচ্ছে।”
তবে কোচবিহার জেলা তৃণমূলের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ জানান, ওমর ফারুক ব্যাপারি দলের সঙ্গে যুক্ত নন। অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসুর দাবি, ওমর বাংলাদেশি এবং শাসকদলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আদালতে হাজির করানো হয়েছে অভিযুক্তকে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ করা হবে
