হাওড়া, বৃহস্পতিবার: ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে আধ্যাত্মিক আবহে মুখর হয়ে উঠেছে বেলুড় মঠ প্রাঙ্গণ। ভোরের আলো ফোটার আগেই হাজার হাজার ভক্তের পদচারণায় পূণ্যভূমি বেলুড় মঠ যেন উৎসবের রূপ নিয়েছে।
এদিন ভোর সাড়ে চারটায় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও বৈদিক মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে চারদিক। মঙ্গলারতির পর শুরু হয় বিশেষ পূজা ও আরাধনা।
দিনভর রয়েছে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। ঊষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতি আলেখ্য, তাল-বাদ্য ও যন্ত্রসঙ্গীতের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আয়োজিত হয়েছে ধর্মসভা, যেখানে ঠাকুরের জীবনাদর্শ ও মানবকল্যাণের বাণী নিয়ে আলোচনা করবেন সন্ন্যাসী ও বিশিষ্ট বক্তারা।
বিশেষ এই তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে উপচে পড়েছে মঠ চত্বর। শৃঙ্খলাবদ্ধভাবে দর্শনের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে কর্তৃপক্ষের তরফে।
শান্তি, সম্প্রীতি ও মানবধর্মের বার্তা নিয়ে প্রতি বছরের মতো এ বছরও শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি হয়ে উঠেছে এক মহামিলনের দিন।
