খাইবার পাখতুনখোয়ায় রক্তাক্ত জোড়া হামলা, গাড়ি ও মোটরবাইক বোমায় নিহত ১৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরপর দু’টি বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনই পুলিশকর্মী। সাম্প্রতিক এই হামলায় ফের অশান্ত উত্তর-পশ্চিম পাকিস্তান।

মঙ্গলবার রাজউর জেলায় একটি অস্থায়ী পুলিশচৌকিকে লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে গাড়িটি দ্রুতগতিতে পুলিশচৌকির দিকে ধেয়ে আসে এবং সোজা গিয়ে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। আহত হন এক মহিলা ও এক শিশুসহ আরও কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেনা আবাসনের সামনে থাকা ওই পুলিশ পোস্ট লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর একদিন আগেই, সোমবার সকালে বাননু জেলায় একটি থানার সামনে মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরিত হয়। সেই ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয় এবং অন্তত ১৭ জন আহত হন।

দুই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিগোষ্ঠীর সংঘর্ষ ক্রমেই বেড়েছে। সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায়শই সন্ত্রাসী হামলার ঘটনা সামনে আসছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *