নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: এপ্রিলের মাঝামাঝিতেই বাংলায় হতে পারে ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের অন্তর্গত জগদ্দল বিধানসভা কেন্দ্রের ওপর একটা বাড়তি নজর রয়েছে সকলের। ভাটপাড়া পুরসভার ১৮ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড-সহ কাউগাছি-১ ও ২, পানপুর-কেউটিয়া ও মামুদপুর পঞ্চায়েত এই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের সোমনাথ শ্যাম ১৮,৩৬৪ ভোটে বিজেপি প্রার্থী অরিন্দম ভট্টাচার্যকে পরাস্ত করেছিলেন। বিজেপি প্রার্থী জগদ্দলের মন্ডলপাড়ার বাসিন্দা হলেও, উক্ত কেন্দ্রের এলাকাবাসীর কাছে তিনি খুব একটা পরিচিত ছিলেন না। ফলস্বরূপ, ওই কেন্দ্রে দাঁত ফোটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল এগিয়ে মাত্র ৫, ৯৮৪ ভোটে। বলাবাহুল্য, এসআইআর প্রক্রিয়ার পর এই কেন্দ্র থেকে অনেক ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম বাদও গিয়েছে। স্বভাবত:ই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে এবারে লড়াই হাড্ডাহাড্ডি। তবে ভোট যতই এগিয়ে আসছে। জগদ্দল কেন্দ্রের প্রার্থী নিয়ে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকান কিংবা হাটে-বাজারে জোর চর্চা চলছে। সূত্র বলছে, এই কেন্দ্রে ফের প্রার্থী হতে চলেছেন সোমনাথ শ্যামই। দল নাকি তাঁকেই শিলমোহর দিতে চলেছে। বলা বাহুল্য, বিধায়ক হতেই শ্যামনগর অন্নপূর্ণা খেলার মাঠে জগদ্দল উৎসবের সূচনা করে তিনি বেশ সাড়া ফেলে দিয়েছেন। যদিও দলের একটা শিবির বলছে, এই কেন্দ্রে প্রার্থী অদল- বদল-ও হতে পারে। প্রার্থী হিসেবে কানাঘুষো নাম শোনা যাচ্ছে ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদারের নামও। বামজমানায় জগদ্দল কেন্দ্রে শাসকদলের একমাত্র সলতে ছিলেন শ্যামনগর উৎসবের কান্ডারি সোমনাথ তালুকদার। রাজ্যে পালাবদলের পরও তাঁর ভাগ্যে শিকে ছেড়েনি। কলকাতা থেকে উড়িয়ে এনে জগদ্দলে প্রার্থী করা হয়েছিল পরশ দত্তকে। তবে প্রার্থী হবার ক্ষেত্রে তাঁর সুপ্ত বাসনা রয়েছে। কান পাতলেই শোনা যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে তাঁর নাকি বেশ সখ্যতা রয়েছে। সূত্র বলছে, শেষ সুযোগ হিসেবে এবারে প্রার্থী হতে কলকাতায় তিনি দৌড়ঝাঁপও করছেন। সঙ্গীরাও চাইছেন শেষবারের মতো তাঁকে যেন একটা সুযোগ দেওয়া হয়। জগদ্দলে প্রার্থী হবার ক্ষেত্রে আরেকজনও দৌড়ে রয়েছেন। যিনি ২০১০ সাল থেকে টানা ভাটপাড়া পুরসভার কাউন্সিলর, বর্তমানে সিআইসি এবং প্রাক্তন শ্যামনগর-আতপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। নম্র ভদ্র সেই হিমাংশু সরকারের নাম নিয়েও জগদ্দলের আকাশে বাতাসে জোর গুঞ্জন চলছে। সূত্র বলছে, দলের দুর্দিন থেকে তিনি ঘাসফুল আঁকড়ে ধরে রয়েছেন। তথাপি এখনও পর্যন্ত ভাগ্যে শিকে ছেঁড়ে নি। তাঁর অনুগামীরাও চাইছেন, হিমাংশুকে যাতে একটা সুযোগ দেওয়া হয়। প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত জগদ্দল কেন্দ্রে চর্চা কিংবা গুঞ্জন চলতেই থাকবে। কিন্তু কয়েকটা দিনের অপেক্ষায় জল্পনার অবসানও ঘটবে।
জগদ্দলে তৃণমূলের প্রার্থী নিয়ে জোর জল্পনা তুঙ্গে
