SIR-এ গুরুতর অনিয়মের অভিযোগে বাংলার ৭ আধিকারিক সাসপেন্ড, মুখ্যসচিবকে কড়া নির্দেশ Election Commission of India-র

নিজস্ব সংবাদদাতা:

SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত কাজে ‘গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে পশ্চিমবঙ্গের ৭ জন আধিকারিককে সাসপেন্ড করল ভারতের নির্বাচন কমিশন। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করতে।
নির্বাচন কমিশনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁদের নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং SIR প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম করেছেন। সেই কারণেই এই কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যাঁদের সাসপেন্ড করা হয়েছে
১) ড. সেফাউর রহমান – সহকারী কৃষি অধিকর্তা ও AERO, ৫৬-সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদ
২) নীতিশ দাস – রেভিনিউ অফিসার, ফরাক্কা ও AERO, ৫৫-ফরাক্কা বিধানসভা কেন্দ্র
৩) দালিয়া রায় চৌধুরী – মহিলা উন্নয়ন আধিকারিক ও AERO, ১৬-ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র
৪) স্ক. মুর্শিদ আলম – সহকারী উন্নয়ন আধিকারিক (ADA), সুতী ব্লক ও AERO, ৫৭-সুতী বিধানসভা কেন্দ্র
৫) সত্যজিৎ দাস – যুগ্ম বিডিও ও AERO, ১৩৯-ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র
৬) জয়দীপ কুণ্ডু – FEO ও AERO, ১৩৯-ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র
৭) দেবাশিস বিশ্বাস – যুগ্ম বিডিও ও AERO, ২২৯-ডেবরা বিধানসভা কেন্দ্র

কমিশনের কড়া বার্তা

নির্বাচন কমিশনের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। SIR-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ক্ষতিকর—এমনই ইঙ্গিত মিলেছে কমিশনের পদক্ষেপে।
রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র চর্চা। বিরোধী শিবির কমিশনের পদক্ষেপকে স্বাগত জানালেও শাসকদলের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরিস্থিতির দিকে এখন নজর রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহলের। বিভাগীয় তদন্তে কী উঠে আসে এবং ভবিষ্যতে আরও কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *