শুধু বারাসতেই নয়, এবার জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক জেলাতেও নির্বাচনী কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ ও সংলগ্ন মুসলিম অধ্যুষিত এলাকায় দলীয় সংগঠন আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের মত।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকায় হুমায়ুন কবীরের ক্রমবর্ধমান প্রভাবকে মাথায় রেখেই শীর্ষ নেতৃত্ব দ্রুত কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা রাখা এবং বুথস্তরে কার্যকর সমন্বয় গড়ে তুলতেই এই উদ্যোগ।জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ১০ সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন ফরাক্কার বিধায়ক আমিরুল ইসলাম, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এবং সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ নেতারা।অন্যদিকে, বহরমপুর সাংগঠনিক জেলায় ১৬ সদস্যের কোর কমিটি তৈরি হয়েছে। এই কমিটিতে আবু তাহের খান, রবিউল আলম চৌধুরী ও গোলাম মুর্শেদের মতো প্রভাবশালী নেতৃত্ব স্থান পেয়েছেন।দলীয় সূত্রের খবর, আগামিদিনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত স্তরেও সাংগঠনিক রদবদল হতে পারে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব বজায় রাখাই এখন তৃণমূলের অন্যতম প্রধান লক্ষ্য।
মুর্শিদাবাদে সংগঠন মজবুত করতে তৃণমূলের কোর কমিটি গঠন, জঙ্গিপুর-বহরমপুরে বড় পদক্ষেপ
