কলকাতা বিমানবন্দরে ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, যাত্রী নামিয়ে তল্লাশি— পরে শিলংয়ের উদ্দেশে উড়ান

কলকাতা: শনিবার সকালে কলকাতা থেকে শিলংগামী ইন্ডিগোর একটি বিমানে বোমা হুমকির জেরে চাঞ্চল্য ছড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। উড়ান ছাড়ার আগেই বিমানের ভিতরে একটি হাতে লেখা হুমকির নোট উদ্ধার হয়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা তল্লাশি চালানো হয়।

ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কলকাতা থেকে শিলং যাওয়ার জন্য নির্ধারিত 6E 7304 নম্বর উড়ানে “সিকিউরিটি থ্রেট” লক্ষ্য করা যায়। একটি কেবিন ক্রু সদস্য বিমানের ল্যাভেটরির ভিতরে একটি নোট খুঁজে পান, যেখানে বিমানে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়েছিল।

ঘটনার পর বিমানটিকে সঙ্গে সঙ্গে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটে উড়ান ছাড়ার কথা ছিল। সমস্ত যাত্রীকে নামিয়ে নিরাপত্তা সংস্থার তরফে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি। পরে বিমানটিকে উড়ানের ছাড়পত্র দেওয়া হয় এবং সেটি শিলংয়ের উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনেই গোটা পদক্ষেপ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছে বিমান সংস্থা।

উল্লেখ্য, এর আগে দু’সপ্তাহ আগে কুয়েত সিটি থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো উড়ানেও টিস্যু পেপারে লেখা হাইজ্যাক ও বোমা হুমকি উদ্ধার হওয়ায় সেটিকে আমদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১৮০ জন যাত্রী-সহ বিমানে তল্লাশি চালানো হলেও কিছুই মেলেনি।

পরপর এমন ঘটনায় উড়ান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *