IND vs PAK T20 বিশ্বকাপ: ‘খেলা হোক খেলার মানসিকতায়’, হ্যান্ডশেক বিতর্কে বার্তা পাকিস্তান অধিনায়কের

কলকাতা/স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের আগে ফের চর্চায় হ্যান্ডশেক বিতর্ক। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত চাইলে তাঁর দল করমর্দনের জন্য প্রস্তুত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের উপরই নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবারের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আগা বলেন, “ক্রিকেট খেলার মানসিকতায় খেলা উচিত। আমার ব্যক্তিগত মতামত গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু ক্রিকেট সবসময় যেমনভাবে খেলা হয়েছে, তেমনভাবেই হওয়া উচিত। ওরা কী করবে, সেটা ওদের সিদ্ধান্ত।”

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে পাহালগাম জঙ্গি হামলার পর এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক ঘিরে বিতর্ক তৈরি হয়। টসে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে যান। গ্রুপ পর্বের ম্যাচ জয়ের পরও ভারতীয় ক্রিকেটাররা সরাসরি ডাগআউটে ফিরে যান, প্রচলিত নিয়ম অনুযায়ী করমর্দন করেননি।

এই ঘটনায় পাকিস্তান শিবিরে অসন্তোষ দেখা দেয়। এমনকি টুর্নামেন্টে পরবর্তী ম্যাচ বয়কটের হুঁশিয়ারিও দিয়েছিল পাকিস্তান দল— এমন খবরও সামনে আসে।

এই প্রেক্ষাপটে বিশ্বকাপের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি ম্যাচ-পরবর্তী আচরণও যে নজরে থাকবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *