২০১৯ সালের পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে শহিদ জওয়ানদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক মাধ্যমে আলাদা টুইটবার্তায় তাঁরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় বলেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় যাঁরা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তাঁদের বীরত্ব ও আত্মত্যাগ জাতির স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস ও কর্তব্যনিষ্ঠা থেকে প্রত্যেক ভারতীয় শক্তি অর্জন করেন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে পুলওয়ামা ঘটনার শহিদ সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি লেখেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামা হামলায় নিহত সাহসী সিআরপিএফ জওয়ানদের আজ তিনি স্যালুট জানাচ্ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় বহু জওয়ান শহিদ হন। সেই ঘটনার বর্ষপূর্তিতে প্রতি বছরই দেশজুড়ে তাঁদের স্মরণ করা হয়।
পুলওয়ামা দিবসে শহিদদের স্মরণে মোদি-মমতা, টুইটবার্তায় শ্রদ্ধাঞ্জলি
