এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) এখন জাস্টিস রাধাবিনোদ পাল সরণি

নিজস্ব : কলকাতার ‘এসপ্ল্যানেড রো’-এর নাম পরিবর্তন হয়ে হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। এ বার বদলে গেল কলকাতা হাইকোর্টের অফিশিয়াল ঠিকানাও। কলকাতা হাইকোর্টের নতুন ঠিকানা হলো— ‘হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ৩, জাস্টিস রাধাবিনোদ পাল সরণি, কলকাতা–৭০০০০১’। অপারেশন সিঁদুরের পরে, বহুদলীয় প্রতিনিধিদলের সদস্য হিসাবে জাপান সফরে গিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে টোকিয়োতে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি।
অভিষেক বিদেশ সফর থেকে ফিরেই রাধাবিনোদ পালের পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানা যায়। এমনকী যাতে রাস্তার নামকরণ হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলবেন বলেও জানা গিয়েছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন হল।
ব্রিটিশ শাসিত ভারতে অবিভক্ত নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন রাধাবিনোদ পাল। ১৯২০ সালে রাজশাহী কলেজ থেকে আইনে স্নাতকোত্তর হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে অধ্যাপনা করেন। পরে কলকাতা হাইকোর্টে আইনি পেশায় যোগদান করেন। বিচারপতি হওয়ার আগে রাধাবিনোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরও দায়িত্ব পালন করেছিলেন। হাই কোর্টের বিচারপতি থাকাকালীনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংক্রান্ত বিশেষ কিছু মামলা শোনার দায়িত্ব তাঁকে দিয়েছিল আন্তর্জাতিক আদালত। সেই পর্ব থেকেই তিনি ‘জাপানের বন্ধু’ হিসাবে খ্যাত। টোকিও শহরে তাঁর নামাঙ্কিত জাদুঘরও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *