মুম্বই, ১২ ফেব্রুয়ারি: এতদিন ফুটবলের শক্তিধর দেশ হিসেবেই পরিচিত ছিল ইতালি। এবার ক্রিকেট বিশ্বকাপের মঞ্চেও নিজেদের নাম লিখিয়ে ফেলল তারা। নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় তুলে নিল ইতালি।
প্রথমে ব্যাট করতে নেমে ইতালির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। ১৯.৩ ওভারে মাত্র ১২৩ রানেই অলআউট হয়ে যায় তারা। বল হাতে ইতালির হয়ে উজ্জ্বল ছিলেন ক্রিস্টিয়ান কালুগামাগে। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই। পাশাপাশি বেন মানেনটি ৯ রান খরচ করে ২টি উইকেট নেন।
১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন দুই ওপেনার অ্যান্থনি মস্কা ও জাস্টিন মস্কা। মস্কা ভাইদের অনবদ্য জুটিতে মাত্র ১২.৪ ওভারেই বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইতালি। অ্যান্থনি ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন, আর জাস্টিন ৪৪ বলে ৬০ রানে নট আউট থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ের ফলে সুপার এইটে ওঠার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল ইতালি। শুধু তাই নয়, নেট রানরেটের নিরিখে ইংল্যান্ডকেও পিছনে ফেলেছে তারা। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও যে ইতালি নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, এই ম্যাচ তারই প্রমাণ।
