ফ্লোরিডা, ১২ ফেব্রুয়ারি: বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই লিওনেল মেসির চোটে উদ্বেগ ছড়াল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে। গত শনিবার ইন্টার মায়ামির হয়ে ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। চোটের জেরে বুধবার অনুশীলনে নামতে পারেননি তিনি। কবে মাঠে ফিরবেন, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চিকিৎসকেরা।
ইন্টার মায়ামির তরফে জানানো হয়েছে, মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোর ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের বিরুদ্ধে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। মেসির শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে তাঁর অনুশীলনে ফেরা।
মেসি নিজেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আশ্বস্ত করে লিখেছেন, “ইকুয়েডরে শেষ ম্যাচে চোট পেয়ে দ্রুত মাঠ ছাড়তে হয়েছিল। সেই কারণেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ স্থগিত হয়েছে। আশা করছি, খুব দ্রুতই মাঠে ফিরতে পারব।”
তবে এই চোট চিন্তা বাড়াচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। আগামী ২৭ মার্চ ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর রয়েছে বিশ্বকাপ। যদিও প্রাথমিকভাবে জানা গেছে চোট গুরুতর নয়, তবুও ৩৮ বছর বয়সে পুরোপুরি ফিট হয়ে উঠতে সময় লাগতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।
মেসি আগেই জানিয়েছেন, তিনি বিশ্বকাপে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন প্রি-সিজনে নিজের ফর্ম ও শারীরিক অবস্থার ভিত্তিতে। এদিকে, ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে মেজর লিগ সকার (MLS) অভিযান শুরু করছে ইন্টার মায়ামি। তবে সেই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
