কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে—এই অভিযোগ তুলে লোকসভায় মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক তথ্য তুলে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনেন তিনি।
কেন্দ্রীয় বাজেটকে ‘অন্তঃসারশূন্য’ বলে কটাক্ষ করে অভিষেক দাবি করেন, অর্থমন্ত্রী দীর্ঘ সময় বাজেট ভাষণ দিলেও ‘বাংলা’ শব্দটি উচ্চারণ করা হয়নি। তাঁর বক্তব্য, সংবিধান রাজ্যগুলির মধ্যে সমতার কথা বললেও বর্তমান সরকার নাকি জোটসঙ্গী রাজ্যগুলিকে সুবিধা দিচ্ছে, আর বিরোধী শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করছে। এই প্রসঙ্গে তিনি ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’-এর বদলে ‘সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম’ মন্তব্য করেন।
ফ্রেট করিডোর প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, বাজেটে উল্লেখিত ডানকুনি ফ্রেট করিডোর প্রকল্পের ধারণা প্রথম উঠে আসে ২০০৯ সালে, যখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বকেয়া অর্থ আটকে রাখার অভিযোগও তোলেন অভিষেক। তাঁর বক্তব্য, বাংলায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। পাশাপাশি জল জীবন মিশনের টাকা রাজ্যকে না দেওয়া এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
