নিজস্ব : বীরভূমে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে ফের রাজনৈতিক উত্তাপ। জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের একাধিক মন্তব্যকে ঘিরে শুরু হওয়া জল্পনার মাঝেই এবার প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। খোঁচা–পাল্টা খোঁচায় শাসকদলের অন্দরের টানাপোড়েন ফের প্রকাশ্যে।
শুক্রবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল বলেন, আমি সভাধিপতি বা বিধায়ক হতে চাই না। মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করতে চাই। সরাসরি কারও নাম না করলেও অনুব্রতর এই মন্তব্যে একাংশের মতে, তাঁর স্পষ্ট ইঙ্গিত ছিল দলেরই কিছু নেতৃত্বের দিকে।
অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পরেই বীরভূমের রাজনৈতিক মহলে তৈরি হয় নানা জল্পনা। এই পরিস্থিতির মধ্যেই শনিবার নানুরের খুজুটিপাড়ায় তৃণমূল কংগ্রেসের মহিলা মিছিল থেকে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুব্রত মণ্ডলের বক্তব্য প্রসঙ্গে কাজল শেখ বলেন, দল যাকে যে দায়িত্ব দেবে, সে সেই দায়িত্বই সামলাবে। দল যদি আমাকে বলে বিধায়ক হতে হবে, আমি বিধায়ক হব। যদি বলে একটা গ্রাম নিয়ে দায়িত্বে থাকতে, সেটাই করব। দল যা বলবে, তাই শুনব ও করব।
তৃণমূলের মহিলা মিছিলের মঞ্চ থেকে প্রকাশ্যে এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, বীরভূমে শাসকদলের অন্দরমহলে নেতৃত্ব, পদ ও দায়িত্ব নিয়ে মতভেদ এখনও পুরোপুরি মিটে যায়নি। যদিও প্রকাশ্যে কেউই দলীয় শৃঙ্খলা ভাঙার কথা বলছেন না, তবে বক্তব্যের ভাঁজে-ভাঁজে যে রাজনৈতিক চাপানউতোর রয়েছে, তা স্পষ্ট।
পদ নয়, অনুব্রতর কাছে দায়িত্বই আসল, পাল্টা জবাব কাজলের
