ব্যারাকপুর কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, ৬ বছরের জন্য সাসপেন্ড

বি. নাথ : অবৈধ নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। অভিযোগ, অবৈধ নির্মাণের প্ৰতিবাদ করার কাউন্সিলরের লাথিতে প্রাণ গেল ৮১ বছরের বৃদ্ধের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ব্যারাকপুর মণিরামপুরে। মৃতের নাম তুলসী অধিকারী। যদিও কাউন্সিলর এবং পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের দাবি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মৃতের পুত্র হেমন্ত অধিকারী বলেন, এদিন রাস্তায় ডেকে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন কেন তাঁকে না জানিয়ে পুরসভায় তাঁরা অভিযোগ জানিয়েছে। রেগে গিয়ে কাউন্সিলর তাঁকে অকথ্য ভাষায় গালি দেন। হেমন্ত জানান, বিষয়টি বাবা জানতেই তাঁকে সঙ্গে নিয়ে কাউন্সিলারের কাছে গিয়েছিলেন। কলেজের সামনে চায়ের দোকানে বাবার সঙ্গে কাউন্সিলরের বচসা চলাকালীন কাউন্সিলর বাবাকে গালাগালি দেন। বাবা রেগে গিয়ে ওনার কলার ধরেন। তাঁর অভিযোগ, বাবাকে লাথি মারেন কাউন্সিলর। সেখানেই রাস্তায় বাবা লুটিয়ে পড়েন। বাবাকে ক্যান্টনমেন্ট বোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করছে।ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় একজন বৃদ্ধের প্রাণ চলে গেল। এই তো বাংলার অবস্থা। যদিও অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, উনি অসুস্থ ছিলেন।।ওঁকে মারধোর করা হয়নি। পরে দলের তরফে ওই কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে রাতে পুলিশ গ্রেফতার করে রবীন্দ্রনাথকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *