কোটায় ভেঙে পড়ল বহুতল রেস্তোরাঁ ভবন, মৃত ১, ধ্বংসস্তূপে আটকে অন্তত ২০

রাজস্থানের কোটা শহরে ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় কোটার জওহর নগর এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল ভবন। জানা গিয়েছে, ওই ভবনের ভিতরে একাধিক রেস্তোরাঁ চলত। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংসস্তূপের নীচে অন্তত ২০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে থাকা ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়াও রয়েছেন।

জওহর নগর এলাকা অত্যন্ত জনবহুল। আশপাশে রয়েছে একাধিক কোচিং সেন্টার ও ছাত্রাবাস। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই রেস্তোরাঁ ভবনটি ভেঙে পড়ে। প্রচণ্ড শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান এবং দ্রুত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ও দমকল কর্মীরা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে জেসিবি ও ভারী ক্রেন। জীবিত কেউ আটকে থাকলে যাতে অতিরিক্ত আঘাত না লাগে, সেই দিকেই বিশেষ নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রায় ২০ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের আশপাশে থাকা কয়েকজন পথচারীও আহত হয়েছেন। রেস্তোরাঁটি দিনের ব্যস্ত সময়ে ভেঙে পড়ায় ভিতরে যথেষ্ট ভিড় ছিল বলে জানা যাচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে প্রশ্ন উঠছে, কীভাবে হঠাৎ একটি বহুতল ভবন ভেঙে পড়ল? নির্মাণকাজে গাফিলতি ছিল কি না, অথবা অনুমোদন ছাড়াই অতিরিক্ত তলা তৈরি করা হয়েছিল কি না—সব দিক খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *