প্রকাশ্যে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তে শুল্কে বড় ছাড়

অবশেষে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র–এর মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির খুঁটিনাটি প্রকাশ্যে আনল কেন্দ্র। চুক্তিতে স্পষ্টভাবে উঠে এসেছে আমেরিকার দীর্ঘদিনের দাবি—রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রাখার শর্তে ভারতের উপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। শর্ত ভাঙলে শুল্ক ফের ৫০ শতাংশে ফিরে যাবে বলেও জানানো হয়েছে।

কৃষিখাতে আংশিক স্বস্তি

চুক্তি ঘিরে দেশের কৃষকদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকলেও, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়াল জানিয়েছেন—আমেরিকা থেকে যে পণ্যগুলি বিনা শুল্কে আমদানি হবে, তার মধ্যে দুগ্ধজাত পণ্য, ভুট্টা, ধান, গম, সয়াবিন, পোল্ট্রি, তামাক বা মাংস অন্তর্ভুক্ত নয়। ফলে কৃষিখাতে তাৎক্ষণিক বড় ধাক্কার সম্ভাবনা কম, এমনটাই দাবি কেন্দ্রের।

রাশিয়ার তেল: চুক্তির কড়া শর্ত

চুক্তিতে লেখা রয়েছে—ভারত রাশিয়া থেকে তেল না কিনলেই ১৮ শতাংশ শুল্ক কার্যকর থাকবে। ভবিষ্যতে রাশিয়ার তেল আমদানি শুরু হলে, শুল্ক ফের ৫০ শতাংশে বাড়ানো হবে। যদিও সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি, ভারত আদৌ রাশিয়ার তেল কেনা পুরোপুরি বন্ধ করেছে কি না।

আমেরিকার পক্ষে লাভজনক ধারা

চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারতকে আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ, উড়োজাহাজ-উপকরণ, বৈদ্যুতিক সামগ্রী, গুরুত্বপূর্ণ ধাতু, প্রযুক্তিপণ্য ও কয়লা কিনতে হবে। অন্যদিকে, ভারতে তৈরি কিছু বিমান ও বিমান-উপকরণ আমেরিকা বিনা শুল্কে আমদানি করবে।

৩০ ট্রিলিয়ন ডলারের বাজার—

কেন্দ্রের দাবিকেন্দ্রের বক্তব্য, এই চুক্তিতে ভারতের সামনে ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার খুলে যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষক এবং মৎস্যজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি প্রযুক্তিখাতে অগ্রগতি, নারী ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেও দাবি প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *