ফেলে দেওয়া জিনিস মানেই মূল্যহীন—এই ধারণা ভেঙে দিল চিনের এক ভাইরাল ঘটনা। পরিত্যক্ত সিম কার্ড সংগ্রহ করে সেখান থেকেই বের করে ফেললেন বিপুল পরিমাণ সোনা। হিসেব বলছে, মোট ১৯১.৭২ গ্রাম সোনা, যার বাজারদর প্রায় ২৬ লক্ষ টাকা।
ঘটনাটি সামনে এসেছে দক্ষিণ-পূর্ব চিনের গুয়াংদং প্রদেশের হুইঝৌ শহর থেকে। ওই ব্যক্তির নাম Qiao। সোশ্যাল মিডিয়ায় নিজেই একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে ধাপে ধাপে সিম কার্ড থেকে সোনা বের করার প্রক্রিয়া দেখানো হয়েছে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, প্রথমে পরিত্যক্ত সিম কার্ডগুলিকে একটি রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। একাধিক ধাপের রাসায়নিক প্রক্রিয়ার পর তৈরি হয় ঘোলাটে তরল। পরে তাপ প্রয়োগ করতেই ধীরে ধীরে তৈরি হয় চকচকে হলুদ ধাতু—সোনা। শেষ পর্যন্ত তার ওজন দাঁড়ায় প্রায় ১৯২ গ্রাম।
সংবাদমাধ্যমে Qiao জানান, তিনি প্রায় দু’টন ই-ওয়েস্ট সংগ্রহ করেছিলেন। শুধু সিম কার্ড নয়, পুরনো ইলেকট্রনিক যন্ত্রাংশও ব্যবহার করা হয়। তাঁর দাবি, একটি সিম কার্ডে খুব অল্প পরিমাণ হলেও সোনার প্রলেপ থাকে। একইভাবে এটিএম কার্ড, চিপ ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসেও সামান্য সোনা ব্যবহৃত হয়।
তবে Qiao স্পষ্ট করে জানিয়েছেন, এই কাজ মোটেও সহজ বা নিরাপদ নয়। তিনি Aqua Regia নামের এক ধরনের শক্তিশালী অ্যাসিড মিশ্রণ ব্যবহার করেন, যা অত্যন্ত বিপজ্জনক। এই প্রক্রিয়া স্বাস্থ্য ও আইনি—দু’দিক থেকেই ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই চিনে পুরনো ও অব্যবহৃত সিম কার্ডের চাহিদা হঠাৎ বেড়ে গিয়েছে। অনেকেই তাঁকে ‘Alchemist’ বলে ডাকছেন। তবে Qiao দাবি করেছেন, তিনি কাউকে পদ্ধতি শেখাননি—শুধু নিজের কাজের ভিডিও শেয়ার করেছেন।
