মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে চালাতে গিয়ে নিজেই দুর্ঘটনার কবলে পড়লেন এক সিভিক ভলেন্টিয়ার। পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পার করানোর সময় বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় গুরুতর জখম হলেন সিভিক ভলেন্টিয়ার নায়েব মল্লিক। ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রাম পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ডিউটিতে ছিলেন নায়েব মল্লিক। তাঁর বাড়ি খরিনান দুপসা এলাকায়। সামনেই রয়েছে ধাত্রীগ্রাম স্কুল, যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছিল। সেই সময় ছাত্র-ছাত্রীদের রাস্তা পার করিয়ে দেওয়ার মুহূর্তে মালতিপুরের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর আচমকাই তাঁকে ধাক্কা মারে।
ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়ে যান নায়েব মল্লিক। স্থানীয়রা ও পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনি গুরুতরভাবে জখম, বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অন্যদিকে, ঘটনার পরই পুলিশ তৎপরতা দেখায়। ঘাতক ট্রাক্টর ও ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। কীভাবে পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় এত বেপরোয়া গতিতে গাড়ি চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা ও যান নিয়ন্ত্রণ নিয়ে। মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের এমন দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পরীক্ষাকেন্দ্রের আশপাশে আরও কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি প্রয়োজন।
বর্তমানে গোটা এলাকা জুড়ে রয়েছে উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ। সকলের একটাই প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন দায়িত্বশীল সিভিক ভলেন্টিয়ার নায়েব মল্লিক।
