অ্যারন–বৈভবের দাপটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দল, আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত

হারারে, ৪ ফেব্রুয়ারি:
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ভারত। বুধবার সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল ভারতীয় যুবরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১০ রান তোলে আফগানিস্তান। জবাবে মাত্র ৪১.১ ওভারে ৩ উইকেটে ৩১১ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।


বৈভব–অ্যারনের ব্যাটে ঝড়
এই জয়ের নেপথ্যে প্রধান ভূমিকা নেন বৈভব সূর্যবংশী ও অ্যারন জর্জ। মাত্র ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন বৈভব। অন্যদিকে, অনবদ্য সেঞ্চুরি হাঁকান অ্যারন জর্জ।
শেষ পর্যন্ত ১০৪ বলে ১১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি, তখন জয় শুধু সময়ের অপেক্ষা।
বাকি কাজ অনায়াসে সারেন বিভান মালহোত্রা (৪৭ বলে অপরাজিত ৩৮) ও বেদান্ত ত্রিবেদী (৬ বলে অপরাজিত ৫)। বড় স্বস্তি ভারতীয় শিবিরে—অধিনায়ক আয়ুষ মাত্র (৫৯ বলে ৬২) ফর্মে ফেরায়।


আফগানিস্তানের লড়াকু শতরান
আফগানিস্তানের হয়ে দুরন্ত ব্যাটিং করেন ফয়জল শিনোজাদা ও উজাইরুল্লাহ নিজাই। তৃতীয় উইকেটে ১৩০ বলে ১৪৮ রানের জুটি গড়েন তাঁরা।
ফয়জল ৯৩ বলে ১১০ রান করে আউট হলেও, উজাইরুল্লাহ ৮৬ বলে ১০১ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে বল হাতে দু’টি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন ও কণিষ্ক চৌহান।


এক ওভারে ১ বলে ৯ রান! বিরল ঘটনা
আফগান ইনিংসের ১৭তম ওভারে ঘটে এক বিরল ঘটনা। দীপেশের শেষ বল লেগ সাইডে মারতে গিয়ে মিস করেন ফয়জল। উইকেটকিপার অভিজ্ঞান কুন্ডু বল ধরতে না পারায় সেটি পিছনে থাকা হেলমেটে লেগে বাউন্ডারি পেরোয়।
ফলে এক বলেই পায় ৯ রান—হেলমেটে লাগার জন্য ৫ পেনাল্টি রান এবং বাউন্ডারির জন্য ৪!


ফাইনালের অপেক্ষা
আগামী শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের মঞ্চে শিরোপার লড়াইয়ে নামতে তৈরি ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *