নিমুচ (মধ্যপ্রদেশ):মানবতার এক অনন্য উদাহরণ রেখে গেলেন অঙ্গনওয়াড়ির রাঁধুনি কাঞ্চন বাই মেঘওয়াল। মধ্যপ্রদেশের Neemuch জেলায় ভয়াবহ মৌমাছির হামলার মুখে পড়ে প্রায় ২০ জন শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মৌমাছির একটি বড় ঝাঁক হামলা চালায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশুদের মধ্যে। ঠিক সেই সময় কোনও রকম ভয় না পেয়ে কাঞ্চন বাই সামনে এগিয়ে আসেন। তিনি দ্রুত মাদুর ও ত্রিপল দিয়ে শিশুদের ঢেকে ফেলেন, একে একে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।এই পুরো সময়ে মৌমাছিরা বারবার তাঁকে হুল ফোটাতে থাকে। তীব্র যন্ত্রণা সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি। শেষ পর্যন্ত তাঁর সাহসী প্রচেষ্টার ফলেই একজন শিশুরও প্রাণহানি হয়নি।তবে মর্মান্তিকভাবে, গুরুতরভাবে জখম কাঞ্চন বাই পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন।এই ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। এক সাধারণ অঙ্গনওয়াড়ি কর্মীর এই অসাধারণ আত্মত্যাগে নতজানু গোটা দেশ।নীরবে কাজ করা এমন মানুষরাই যে সমাজের প্রকৃত নায়ক—আরও একবার তা প্রমাণ করে দিলেন কাঞ্চন বাই মেঘওয়াল।
শিশুদের বাঁচাতে নিজের প্রাণ দিলেন অঙ্গনওয়াড়ির রাঁধুনি, দেশজুড়ে শোক ও শ্রদ্ধার জোয়ার
