বারুইপুর থানায় শুরু সাইবার সেল ও মহিলা হেল্প ডেক্স

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবারে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করতে এবং সাইবার প্রতারণা রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো বারুইপুর থানার পুলিশ।এবার বারুইপুর থানায় চালু হলো পৃথক সাইবার সেল এবং মহিলাদের জন্য বিশেষ হেল্প ডেস্ক।মঙ্গলবার এই নতুন পরিষেবার উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত।তিনি বলেন,অনেক সময়ই মহিলারা তাঁদের সমস্যার কথা থানার পুলিশ অফিসারদের জানাতে সংকোচ বোধ করেন। সেই বিষয়টি মাথায় রেখেই বারুইপুর থানায় চালু করা হলো মহিলা হেল্প ডেস্ক।এখানে মহিলারা সরাসরি মহিলা পুলিশ অফিসারের কাছে নিজেদের অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।অন্য দিকে, দিন দিন বেড়ে চলা সাইবার প্রতারণার ঘটনা মোকাবিলার জন্য থানায় গঠন করা হয়েছে পৃথক সেল।বারুইপুর থানার আই সি অর্ধেন্দুশেখর দে সরকার জানান,সাইবার প্রতারণার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকা খোয়া যাওয়ার পরে যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, টাকা উদ্ধারের সম্ভাবনা তত বেশি থাকে। সেই কারণেই এই ডেস্ক চালু হয়েছে। ২৪ ঘণ্টাই এই ডেস্ক চালু রাখা হবে। এই ডেস্ক চালু হওয়ায় অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে বলে আশা বারুইপুর পুলিশের।পাশাপাশি, গত কয়েক মাসে চুরি হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া প্রায় ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হলো এদিন।এ ছাড়াও,সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা হারানো এক তরুণীকে টাকার বড় অংশ ও উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *