এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টিতে জয়, তিন পয়েন্টে লা লিগায় টিকে রইল রিয়াল

মাদ্রিদ, ১ ফেব্রুয়ারি : লা লিগায় রুদ্ধশ্বাস নাটকের শেষ দৃশ্যে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন কিলিয়ান এমবাপে।

লা লিগার ম্যাচে ঘরের মাঠে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। সংযুক্ত সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ১৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র-এর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির পর ৪৯ মিনিটে সমতা ফেরায় রায়ো ভায়োকানো।

এই জয়ের ফলে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানেই রইল রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়ায় উদ্বেগ বাড়িয়েছেন জুড বেলিংহ্যাম।

বার্সেলোনার দাপট, শীর্ষস্থান অক্ষুণ্ণ

অন্যদিকে, এলচেকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতেই দানি ওলমোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

২৯ মিনিটে এলচে সমতা ফেরালেও, ৪০ মিনিটে ফ্র্যাঙ্কি ডি’ইয়ং-এর পাস থেকে গোল করেন ফেরান তোরেস। ৭২ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ড-এর গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *