SIR প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র সংঘাতের আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে তিনি সর্বোচ্চ ১৫ জনের প্রতিনিধি দল নিয়ে যেতে পারবেন।

এর আগে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অন্তত পাঁচটি চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। সিঙ্গুরের সভা থেকেও এই ইস্যুতে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোটি কোটি মানুষের নাম কেটে দেওয়ার অধিকার কারও নেই, সরকার গড়বে মানুষই—এটাই গণতন্ত্র।
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী SIR প্রক্রিয়াকে সমর্থন করে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন। SIR ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে।
