গাঙ্গেয় শুশুক বাঁচানোর বার্তা মহিলা কবাডি প্রতিযোগিতার আসরে

ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক বাঁচানোর বার্তা দিয়ে সম্প্রতি মহিলাদের কবাডি প্রতিযোগিতা হয়ে গেল হাওড়ার আমতার গাজীপুরে পঞ্চানন সংঘের উদ্যোগে।
বিপন্ন ভারতের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুক। হাওড়া জেলার জাতীয় প্রাকৃতিক ঐতিহ্য এই গাঙ্গেয় শুশুকের দেখা মেলে হাওড়ার রূপনারায়ণ, হুগলি ও দামোদর নদে। কিন্তু বিভিন্ন সময় মৎসজীবীদের অসচেতনতা, তাঁদের মৎস্য শিকারের পদ্ধতিগত ত্রুটি, তাঁদের নাইলনের জাল ব্যবহার, তেল ও চর্বির চোরাচালানের জন্য এদের মেরে ফেলা, নদী দূষণ ইত্যাদি একাধিক কারণে এই গাঙ্গেয় শুশুক আজ বিপন্ন। তাই এই জাতীয় ঐতিহ্যমণ্ডিত বন্যপ্রাণীটিকে বাঁচানোর বার্তা দিতে, মানুষকে সচেতন করতে কবাডির আসরকে এবার বেছে নেয় আমতার গাজীপুর পঞ্চানন সংঘ। পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে আসা মহিলা কবাডি টিমকে নিয়ে তারা বিগত বছরের ন্যায় এবছরেও আয়োজন করে এই কবাডি প্রতিযোগিতা। তারা জোর দিয়েছে গাঙ্গেয় শুশুক বাঁচানোর বার্তাকে। এই কাজকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন হাওড়া বনবিভাগ, WWF এর সদস্যরা। এগিয়ে এসেছেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ। পরিবেশ মঞ্চের সহ সভাপতি সম্রাট মণ্ডল তাঁর প্রয়াত বাবা অমিত কুমার মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে তুলে দেন ফাইনালে ওঠা দুই দলের সকল প্রতিযোগিনীদের হাতে গাঙ্গেয় শুশুক বাঁচানোর বার্তাবাহী জার্সি। WWF তুলে দেয় বিশেষ ব্যাচ। পরিবেশ মঞ্চের তরফে সম্পাদিকা কল্যানী পালুই, কোষাধ্যক্ষ সায়ন দে পরিবেশে ডলফিনের গুরুত্ব, হাওড়া জেলায় গাঙ্গেয় শুশুক-এর সংকট, সচেতন হওয়ার বার্তা বক্তব্যের মধ্যে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *