বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পওয়ার, মৃত আরও ৪

মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, শোকস্তব্ধ মহারাষ্ট্র

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে মুম্বই থেকে বারামতির উদ্দেশে রওনা দেওয়া তাঁর ব্যক্তিগত বিমানটি আচমকাই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় অজিত পওয়ারের সঙ্গে আরও চারজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, বারামতির কাছে পৌঁছনোর সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। জরুরি অবতরণের চেষ্টা করা হলেও বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই বিমানে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনার সময় বিমানে ছিলেন দু’জন বিমানকর্মী এবং অজিত পওয়ারের দুই জন সরকারি আধিকারিক। সকলেই গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। একাধিক রাজনৈতিক নেতা অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অজিত পওয়ারের রাজনৈতিক জীবনের সঙ্গে বারামতির নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই বারামতিতেই পৌঁছতে গিয়ে তাঁর জীবনাবসান—এই ঘটনায় আবেগতাড়িত রাজ্যের রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *